
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট।
নিজস্ব সংবাদদাতাঃ|সারাদেশ
৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জামিনের বিষয়ে আবুল সরকারের আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ার কারণে আদালত আবুল সরকারকে জামিন দিয়েছেন।"
গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় এবং বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর, ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডা. মো. মাহফুজুর রহমান ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে মামলা করেন। বাদী অভিযোগ করেন, আবুল সরকার মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন, যা তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
মামলায় আবুল সরকারের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫ এবং ২৯৫ (ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৬:২১ PM