কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক উপস্থিত না হওয়া ও পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৭ আগস্ট) সকালে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা দেখতে পায়, সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ। দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো শিক্ষক বিদ্যালয়ে না আসায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। তারা বন্ধ শ্রেণিকক্ষের দরজায় লাথি দিয়ে শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে এসে পাঠদান নিশ্চিত করার দাবি জানায়।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, শিশু খাতুন ও সামসুন্নাহার অভিযোগ করে, শিক্ষকরা দিনের পর দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এতে নিয়মিত পাঠদান হয় না। শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে এসে ক্লাস নেবেন—এ দাবিতেই তারা বিক্ষোভ করেছে।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, বিদ্যালয়টির এমন পরিস্থিতি দীর্ঘদিনের। পাঁচজন শিক্ষকের কেউই নিয়মিত বিদ্যালয়ে আসেন না বলে অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সোমবার সকালে কোনো শিক্ষক বিদ্যালয়ে না আসায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


