বাংলাদেশে দীর্ঘ বিরতির পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে। বৈধ ৩৪৩ ভোটের মধ্যে ফখরুল পান ২৫৫ ভোট, আর অলি আহমদ পান ৮৮ ভোট।
সিইসি জানান, মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। অব্যবহৃত ব্যালট ছিল ৬টি এবং বিভিন্ন ত্রুটির কারণে আইনের মধ্যে থেকে ৪টি ব্যালট রিপ্লেস করা হয়। ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরাও একে একে অভিনন্দন জানান।
ভোটগ্রহণ প্রক্রিয়ায় সংসদ সদস্যরা নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে ভোট দেন। প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট প্রদান করেন। এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার নজির তৈরি হলো।


