গাইবান্ধার সাঘাটায় গত ২১ জুন সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ সাইফুল্লাহ বারী ও সালাহ উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।
সোমবার (১০ আগস্ট) সাঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ প্রতিবাদী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন মাওলানা মোঃ শাফিউল ইসলাম। পরে নবোদয় শিল্পী গোষ্ঠীর শিল্পীরা প্রতিবাদী ইসলামী সংগীত পরিবেশন করেন।
জনসমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমীর মোঃ আব্দুল হক, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান বক্তব্য রাখেন।
বক্তারা সাইফুল্লাহ বারী ও সালাহ উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে গাইবান্ধা জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আব্দুর রহিম সরকার, জেলা সহকারী সেক্রেটারি মোঃ ফয়সাল কবীর রানা, গাইবান্ধা সদর শহর আমীর ও জেলা শূরা কর্মপরিষদ সদস্য এ.কে.এম ফেরদৌস আলম এবং শ্রমিক কল্যাণের জেলা সভাপতি মোঃ নূরুন্নবী প্রধান।
এ ছাড়া গাইবান্ধার বিভিন্ন উপজেলা জামায়াতের আমীরদের মধ্যে সাঘাটা উপজেলা আমীর মাওলানা মোঃ ইব্রাহীম হোসেন মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, সাদুল্লাপুর উপজেলা আমীর মোঃ এরশাদুল হক ইমন, পলাশবাড়ী উপজেলা আমীর মোঃ আবু বক্কর সিদ্দিক, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর জনার আবুল হোসেন, গাইবান্ধা সদর উপজেলা আমীর মোঃ নূরুল ইসলাম এবং ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশে ছাত্রনেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আল-কারযাভী, জেলা সেক্রেটারি মোঃ ফাহিম মন্ডল এবং সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মাজেদুল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাঘাটার জোড়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।


