গাইবান্ধা থেকে গত ৭ মে কক্সবাজারে ভ্রমণে যাওয়া একটি পর্যটক দলের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও পর্যটন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পরিচিত ‘রঞ্জু’র নেতৃত্বে আয়োজিত এই ট্যুরে অংশ নেওয়া সদস্য আশা মনি ফেসবুক লাইভে এসে ট্যুর ব্যবস্থাপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তিনি জানান, ‘অন্বেষা ট্রাভেলস’-এর মাধ্যমে প্রায় ৩০ জনের একটি দল কক্সবাজারে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে একটি হোটেলে অবস্থানকালে নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও মানসিক হয়রানির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
লাইভে কান্নাজড়িত কণ্ঠে আশা মনি বলেন, তারা বিশ্বাস করে এই ট্যুরে অংশ নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে নিরাপত্তাহীনতা ও অসম্মানজনক পরিস্থিতির শিকার হয়েছেন। একই সঙ্গে একটি আইফোন খোয়া যাওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান। এদিকে, ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


