ফেনীর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে হাম আক্রান্ত হয়ে সাড়ে পাঁচ মাস বয়সী মোহাম্মদ সাইফান মারা গেছে। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার স্থানীয় ওয়াজ পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাইফান ছিলেন সাংবাদিক মোহাম্মদ কাওছার ও ফোজিয়া আক্তার ইভার একমাত্র সন্তান। চলতি বছরের ৪ মার্চ জন্ম নেওয়া শিশুটি নিয়মিত সূচির হামের টিকা নেওয়ার বয়সে পৌঁছানোর আগেই অসুস্থ হয়ে পড়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ আগস্ট সকালে সাইফানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফেনীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে টানা ১৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার আরও অবনতি হয়। শেষ দিকে লাইফ সাপোর্টেও রাখা হয় তাকে।
সাইফানের বাবা মোহাম্মদ কাওছার জানান, হামের উপসর্গ দেখা দেওয়ার পর চিকিৎসা চলছিল। কিন্তু একপর্যায়ে পরপর দুবার খিঁচুনি হলে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর হৃদযন্ত্রসহ শরীরের বিভিন্ন জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
সন্তান হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার সন্তানের মতো আর কোনো শিশু যেন হামে আক্রান্ত হয়ে প্রাণ না হারায়। এজন্য পরিবার থেকে শুরু করে সরকারকে আরও সচেতন হতে হবে।”


