
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল: সেই পুলিশ সদস্য মোশাররফ বরখাস্ত।
নিজস্ব সংবাদদাতাঃ|সারাদেশ
৭ এপ্রিল ২০২৬, ০৬:১২
ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় এক আইনজীবীর কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত পুলিশ সদস্য মীর মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ডিউটিরত অবস্থায় মীর মোশাররফ হোসেন একজন আইনজীবীর কাছ থেকে অর্থ লেনদেন করছেন, যা পুলিশি নীতিমালার চরম পরিপন্থী। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, ভিডিওটির সত্যতা যাচাইয়ের পর প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৬:৪১ PM