
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকার বদরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই শুরু হয়েছে ঐতিহ্যবাহী সোলেমান লেংটার মেলা। নির্ধারিত সময় অনুযায়ী মেলা শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার (৩১ মার্চ), তবে ভক্তদের আগাম উপস্থিতির কারণে সোমবার (৩০ মার্চ) থেকেই কার্যক্রম শুরু হয়ে যায়।
প্রতি বছর প্রায় ১৪ থেকে ১৫ লাখ মানুষের সমাগম ঘটে এ মেলায়। স্থানীয়দের আশঙ্কা, এবারও ব্যাপক হারে গাঁজার দোকান বসতে পারে, যা পূর্ববর্তী বছরগুলোতে দুই হাজারের বেশি দোকানে পৌঁছেছিল। ইতোমধ্যেই নদীপথ ও সড়কপথে আগত যাত্রীদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। পাশাপাশি জুয়ার আসর, অশ্লীল নৃত্য, চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।
মেলা কর্তৃপক্ষের প্রধান লাল মিয়া দাবি করেন, ভক্তদের বসানো আস্তানাগুলোকে মাদক বিক্রির দোকান হিসেবে গণ্য করা যাবে না। তবে স্থানীয়রা বলছেন, এসব আস্তানায় নারী-পুরুষের অশ্লীল নৃত্য ও মাদক সেবনের ঘটনা নিয়মিত ঘটছে।
মতলব উত্তর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা এনামুল হক বলেন, ইসলাম ধর্ম মাদক ও অশ্লীলতা সমর্থন করে না। তাই ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এসব কার্যক্রম বন্ধ হওয়া জরুরি।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পোশাকধারী ও সিভিল পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, জেলা প্রশাসন থেকে এখনও মেলার অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদন পেলে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হবে এবং প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভূমিকা রাখবে।