গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারপিট এবং চাঁদা দাবির অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, অপর একজন পলাতক রয়েছে।
জানা গেছে, গত ৩০ জুন ২০২৬ তারিখে বেলা আনুমানিক ১২টার দিকে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৭ জুলাই ২০২৬ তারিখে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ৪৩/৩৮২)।
মামলার বাদী মো. রোস্তম আলী মণ্ডল (৫০), পিতা-মৃত তজমল হোসেন ও মাতা-মোছাঃ নূরমাহার বেগম। তার বাড়ি সাঘাটা উপজেলার চিয়াগাছা এলাকায়।
এজাহার সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে একদল ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর চালায় এবং উপস্থিত ব্যক্তিদের মারধর করে। এ সময় তারা চাঁদা দাবি করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন— মো. বাপ্পী হোসেন (২২), মো. শহীদ মিয়া (২১) ও মো. সামিউল ইসলাম (২৪)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৫৫/৪২৭/৩৮৫/৫০৬(২)/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার এসআই (নিরস্ত্র) পীযূষ চন্দ্র সরকার মামলাটি তদন্ত করছেন। মামলা রেকর্ডের সময় পরিদর্শক (তদন্ত) সুমঙ্গল কুমার দাশ এবং অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।


