
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ইরানের নির্বাসিত প্রাক্তন শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র রেজা পাহলভি জানিয়েছেন, ইরানে ইসলামী প্রজাতন্ত্র সরকারের পতন হলে তিনি দেশের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য প্রস্তুত আছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় বলেন, "ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের পতনের সঙ্গে সঙ্গেই আমি দেশটির শাসনভার গ্রহণের জন্য প্রস্তুত থাকবো এবং তার জন্য ইতোমধ্যেই একটি অন্তর্বর্তী কাঠামো তৈরি করতে কাজ করছি।"
তিনি আরও জানান, ইরানের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে তিনি একটি 'ট্রানজিশনাল সিস্টেম' (অন্তর্বর্তী কাঠামো) গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। এই সিস্টেমটি সরকার পতনের পরই দ্রুত দেশটির শাসনভার গ্রহণ করবে এবং শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা ও সমৃদ্ধির পরিবেশ প্রতিষ্ঠা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রেজা পাহলভি বলেন, “আমার নেতৃত্বে ট্রানজিশনাল সিস্টেম ইসলামিক রিপাবলিক পতনের সাথে সাথে দেশের শাসনভার গ্রহণ করবে এবং খুব অল্প সময়ের মধ্যেই ইরানের জনগণের জন্য একটি শক্তিশালী, স্থিতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যত প্রতিষ্ঠা করবে।”
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক ‘গণতন্ত্র রক্ষা ফাউন্ডেশনের’ জ্যেষ্ঠ ইরান ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সাঈদ ঘাসেমিনেজাদ এই অন্তর্বর্তী কাঠামোর সদস্য নির্বাচন প্রক্রিয়া নেতৃত্ব দিচ্ছেন। দেশটির ভেতরে এবং বাইরে থেকে দক্ষ ব্যক্তিদের চিহ্নিত এবং মূল্যায়ন করা হয়েছে, যারা এই অন্তর্বর্তী কাঠামোর বিভিন্ন বিভাগ পরিচালনা করবেন।
১৯৭৯ সালের ইরানী অভ্যুত্থানে ইরানের পাহলভি রাজতন্ত্রের পতন ঘটে এবং দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকে রেজা পাহলভি বিদেশে অবস্থান করলেও তিনি ইরানের বিরোধী রাজনীতির একজন পরিচিত মুখ। সম্প্রতি ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় কিছু বিক্ষোভকারী আবারও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলেছেন।
এই বক্তব্যের মাধ্যমে রেজা পাহলভি তার রাজনৈতিক উপস্থিতি আরও দৃঢ় করেছেন এবং ইরানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের সুযোগ গ্রহণের জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন।