মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয়, এটি প্রায় শেষ হয়ে এসেছে। হ্যাঁ, আমি মনে করি যুদ্ধ শেষ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে।”
ট্রাম্প দাবি করেন, যুদ্ধ শুরু না করলে এত দিনে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। তাঁর ভাষায়, “যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে আপনাকে ওখানকার সবাইকে ‘স্যার’ বলে সম্বোধন করতে হতো। আর আপনি সেটা চাইবেন না।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ থেকে ইরানকে পুনর্গঠনে অন্তত ২০ বছর সময় লাগবে। তবে কাজ এখনো শেষ হয়নি উল্লেখ করে ট্রাম্প বলেন, “দেখা যাক কী হয়। আমার মনে হয়, তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী।”
উল্লেখ্য, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।


