পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জে নির্মাণাধীন নতুন ফ্লাইওভার লেন। দীর্ঘদিনের যানজট নিরসনে বগুড়া-রংপুরমুখী এই লেনটি গত ২১ মে থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) সরেজমিনে দেখা যায়, নতুন লেন দিয়ে নিয়মিতভাবে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। এতে হাটিকুমরুল গোলচত্বরে যানবাহনের চাপ কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হাটিকুমরুল গোলচত্বর দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদ মৌসুমে এ সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজারে পৌঁছায়। ফলে প্রতিবছরই এই গুরুত্বপূর্ণ মোড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক সরফরাজ হোসাইন বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নতুন ফ্লাইওভার লেনটি উন্মুক্ত করা হয়েছে। এটি উত্তরাঞ্চলগামী যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের আগে যানবাহনের চাপ আরও বাড়লেও নতুন লেন চালু হওয়ায় হাটিকুমরুল গোলচত্বরে যানজটের তীব্রতা অনেকটাই কমবে। এতে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা আগের তুলনায় আরও স্বস্তিদায়ক হবে।


