জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০৩৬ সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্বকারী সরকারি দল হওয়ার স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সরকারের নির্বাচনের জন্য ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সারজিস আলম জানান, প্রথম ধাপে ১৩টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটির প্রার্থী ঘোষণা করা হয়েছে। শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীও ঘোষণা করা হবে।
তিনি বলেন, দেশে বর্তমানে ৫০০ উপজেলা ও ৩৩০ পৌরসভাসহ মোট ৮৩০টি ইউনিট রয়েছে। প্রথম ধাপে প্রার্থী হতে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
সারজিস আলম আরও বলেন, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত বা ফৌজদারি অপরাধে জড়িতদের মনোনয়ন দেওয়া হবে না। অন্য রাজনৈতিক দল থেকে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
প্রথম ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান ও মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


