খুলনা নগরে রাজু হাওলাদার (৩৮) নামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে।
আহত রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। লবণচরা থানায় চারটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নগরের লবণচরা থানার কোবা মসজিদ-সংলগ্ন এলাকায় রাজুর পেটে গুলি লাগে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কীভাবে ও কখন তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তা স্পষ্ট নয়।
রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে ঢাকায় পাঠানো হয়। পথে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, “লবণচরা থানার একটি টিম চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে শুনেছি। পরে তারা আমাদের কাছে বাড়তি নিরাপত্তা চায়। আমরা নিরাপত্তা দিয়ে তাদের এলাকা পার করিয়ে দিই।” তিনি জানান, ওই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজুর ওপর গুলির ঘটনা কোথায় ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তাঁর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অ্যাম্বুলেন্সে গুলির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


