গাইবান্ধা শহরে প্রকাশ্যে মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারেকুজ্জামান তারেক নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার ওপর বার্মিজ ছুরি দিয়ে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত এক মাদক ব্যবসায়ী তার গলায় ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী তারেকুজ্জামান জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পলাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে শুরু করে গাইবান্ধা ক্লিনিক পর্যন্ত দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চলে আসছে। এলাকার পরিবেশ ও যুবসমাজকে রক্ষার তাগিদে তারেকুজ্জামান এই অবৈধ কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করেন। অভিযোগ উঠেছে, এই প্রতিবাদের জের ধরেই এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে বার্মিজ ছুরি দিয়ে তার গলায় আঘাত করে।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ওই নেতা। তার দাবি, এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনার বিষয়টি গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিকে তিনি একাধিকবার জানিয়েছিলেন। কিন্তু প্রশাসন রহস্যজনক কারণে কোনো কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলে মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এদিকে, শহরের প্রাণকেন্দরে এমন প্রকাশ্য ও নৃশংস হামলার ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে ভুক্তভোগীর এই গুরুতর অভিযোগ এবং পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারী মাদক ব্যবসায়ী ও এর পেছনের মদতদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


