গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে রোববার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশ নিতে নেতাকর্মীরা গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে সমবেত হন।
বিক্ষোভে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ঐক্যজোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক। বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ও জামায়াত জেলা আমীর মো. আব্দুল করিম সরকার, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুন্নবী সরকার, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, এবি পার্টির জেলা নেতা মোস্তফা কামাল রজ্জু, সুন্দরগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, পলাশবাড়ি উপজেলার আবু বকর সিদ্দিক, খেলাফত মজলিসের জেলা মুফতি ইদ্রিস বিন আনোয়ার, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, অধ্যক্ষ গোলাম আজম, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক সহীহ আহমেদ ছোটন, এলডিপি জেলা সেক্রেটারি শেফালী বেগম, গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম এবং জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কারযাবি প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সরকার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তারা বলেন, দুটি ভোট একই দিনে অনুষ্ঠিত হলে একটি বৈধ আর অন্যটি অবৈধ হতে পারে না। বৈধ হলে উভয় ভোটই বৈধ হবে। তাই তারা জরুরি ভিত্তিতে সংসদে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।


