গাইবান্ধা সদর উপজেলার বল্লমবাড় কাজীরাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে মোঃ তাজফেল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, তাজফেল ইসলাম ২০১৬ সালের ৮ মার্চ তারিখে কবলা দলিলের মাধ্যমে উল্লেখিত জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। জমিতে তিনি মেহগনি গাছ রোপণ করেন, যা বর্তমানে বেশ মূল্যবান হয়ে উঠেছে।
একই এলাকার মোঃ জামিউল ইসলাম, মোঃ খসরুল হোসেন, মোঃ ওমর সানী, মোঃ আরসন মিয়া ও মোছাঃ রেখা বেগমের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছিলেন। এক পর্যায়ে তারা জোরপূর্বক ৫-৬টি মেহগনি গাছ কেটে প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
পরবর্তীতে জমির সীমানা নির্ধারণের জন্য আমিন দিয়ে মাপজোক শুরু করলে অভিযুক্তরা হুমকি দিয়ে তা বন্ধ করে দেয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে গত ৩১ জুলাই সকাল আনুমানিক ১১টার দিকে তাজফেল ইসলাম শ্রমিক নিয়ে জমিতে গেলে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার একটি সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


