নদীভাঙন রোধে আগামী চার বছরের জন্য প্রায় ৯৬টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে এসব প্রকল্পের প্রতিটি কাজ বাস্তবায়ন করা হবে।
শনিবার (৮ আগস্ট),বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “নদীভাঙন থেকে সব মানুষকে উদ্ধার করে সুন্দর একটি দেশ উপহার দেব। সেখানে কোনো ধর্ম, মত দেখা হবে না। সবাইকে নিয়ে আমরা বৈষম্যহীন একটি মানবিক দেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপর অন্যায়ভাবে দমন, নিপীড়ন ও অত্যাচার চালিয়েছে এবং সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ তাদের সব অধিকার ফিরে পেয়েছে। আগামীতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া ইতোমধ্যে শুরু করেছে। ফ্যাসিস্টদের ধ্বংস করে যাওয়া বিভিন্ন সেক্টর ধীরে ধীরে উন্নয়ন করা হচ্ছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজ, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।


