
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধায় বিয়ের দাওয়াতে খাবার বিতর্কে খুনের পলাতক মূল আসামি গ্রেফতার
মোঃ আল আমিন:|গ্রেপ্তার
২ এপ্রিল ২০২৬, ১৭:০৪

গাইবান্ধায় বিয়ে বাড়ির খাবার পরিবেশনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা মামলার প্রধান আসামি গোলজার রহমান (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৩।
বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টা ১৫ মিনিটে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ২২ জুন রাত আনুমানিক ২টার দিকে একটি বিয়ে বাড়ির দাওয়াতে খাবার পরিবেশন নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে। অভিযোগ রয়েছে, আসামি গোলজার রহমান ও তার সহযোগীদের প্লেটে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মনোয়ারা বেগম নামের এক নারী ভুক্তভোগী ছায়দার আলীর দিকে খাবারসহ প্লেট ছুড়ে মারেন।
এ ঘটনায় প্রতিবাদ জানালে গোলজার রহমানসহ তার সহযোগীরা লাঠি, রান্নার জ্বালানি কাঠ এবং লোহার রড দিয়ে ছায়দার আলীর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযানের মাধ্যমে গোলজার রহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি সদর উপজেলার উত্তর ঘাগোয়া (টেঙ্গরজানি) গ্রামের মৃত আব্দুর সামাদের ছেলে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৪৬ PM