
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধায় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২৫ কোটি গাছ রোপণের অংশ
মোঃ আল আমিন (গাইবান্ধা জেলা প্রতিনিধি)|সারাদেশ
১ এপ্রিল ২০২৬, ১১:০৮

গাইবান্ধায় সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পলাশবাড়ী–গাইবান্ধা (আর-৫৫৫) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডুসহ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনায় এ কর্মসূচির আওতায় সড়ক-মহাসড়ক, নদী-খাল তীর, উপকূলীয় চরাঞ্চল ও ব্যক্তিগত জমিতে স্থানীয় প্রজাতির দ্রুতবর্ধনশীল ও ঔষধি গাছ রোপণ করা হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৫:৩০ PM