গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক শিক্ষক শিক্ষার্থীর সাথে বলাৎকারের চেষ্টা চালানোর অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম (২৬) গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি প্রায় এক মাস আগে ওই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় অফিস কক্ষ থেকে শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে তাকে সাঘাটা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় বাসিন্দা মাহাবুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক অনৈতিক কাজে প্ররোচিত করছিলেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অভিযুক্ত শিক্ষককে আটক করার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হলেও পুলিশি পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়রা কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


