গাইবান্ধায় হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় শহরের সবুজপাড়ায় নগর মাতৃসদনে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এ.কে.এম হেদায়েতুল ইসলাম, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “হামের মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে।” তিনি আরও জানান, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে যাতে জেলার কোনো শিশু টিকা থেকে বাদ না পড়ে।
সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান জানান, নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি বিশেষ এই উদ্যোগের মাধ্যমে অধিকসংখ্যক শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হবে। তিনি বলেন, “হাম একটি মারাত্মক সংক্রামক রোগ। সময়মতো টিকা দিলে শিশুরা এ রোগ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।”
সরকারি তথ্য এবং অভিভাবকদের পরামর্শঃ
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় প্রায় ৩ লাখ শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
টিকাদান কার্যক্রম চলবে ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ টিকাদান ক্যাম্প পরিচালনা করা হবে।
স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করবেন এবং টিকা প্রদানের জন্য উৎসাহিত করবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাম প্রতিরোধে টিকা কার্যকর ও নিরাপদ। সময়মতো টিকা দিলে শিশুর মৃত্যুহার কমবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠবে।


