গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামে ভেজাল বিরোধী এক অভিযান পরিচালিত হয়েছে। আজ দুপুরে ওই গ্রামের মো. আব্দুল খালেক পাইকারের হলুদের মিলে অভিযান চালিয়ে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উক্ত মিলে মাড়াইকৃত এবং অমাড়াইকৃত হলুদের সাথে ক্ষতিকর অবৈধ অটো রঙ ও রাসায়নিক উপাদান মিশ্রিত করা হচ্ছিল। ভেজাল খাদ্যদ্রব্য তৈরির এই অপরাধ হাতেনাতে প্রমাণ পাওয়ায় মিল মালিক আব্দুল খালেক পাইকারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে মিল থেকে বিপুল পরিমাণ অবৈধ মিশ্রণ ও ভেজাল হলুদ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব ক্ষতিকর ভেজাল মালামাল জনসম্মুখে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় খাদ্যে ভেজাল বিরোধী এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


