পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে "হাসপাতাল রোড আলোর কাফেলা” সংগঠনের উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) বিকেল ৫টায় সদর হাসপাতাল রোডস্থ পারিবারিক কবরস্থানসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার সালেহীন মাহমুদ সাদ। এছাড়াও সংগঠনের অন্যতম সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদিক মাহমুদ লিমন, আব্দুল্লাহ আল রাফি, সোয়াইব মাহফুজ সালমান, সিন ইসলাম, সুহাইল মাহমুদ সাকিব, নাফিজ, খাইরুল, রাফিদ এবং অন্যান্য খুদে সদস্যরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর আইন বিভাগের ছাত্র ও সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার সালেহীন মাহমুদ সাদ বলেন—
“বর্তমানে যেভাবে নির্বিচারে বৃক্ষ নিধন চলছে, এতে আগামীতে পৃথিবীর তাপমাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাবে। উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলে পৃথিবীর একটি বড় অংশ সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। আমরা ইতোমধ্যে লক্ষ করছি গরমের সময় অতিরিক্ত গরম, শীতকালে শীতের তীব্রতা কমে যাওয়া, বর্ষায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া, হঠাৎ বন্যা এবং অতিরিক্ত বজ্রপাতের মতো প্রাকৃতিক পরিবর্তন। এসব থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আমি সকলের প্রতি আহ্বান জানাই— আসুন, নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি হলেও গাছ লাগাই; সেটা ছাদে, টবে, বারান্দায় কিংবা বাড়ির উঠানে হতে পারে ফলজ, ফুলের বা ছায়াদায়ক গাছ। আগামীর বাংলাদেশ হোক সবুজ বাংলাদেশ।”
আয়োজকরা জানান, সকলের সহযোগিতা ও পরামর্শ পেলে ভবিষ্যতেও তারা নিয়মিত এমন পরিবেশবান্ধব আয়োজন পরিচালনা করবেন।
এ উদ্যোগের প্রশংসা করে সংগঠনের উপদেষ্টাবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষভাবে জেনারেল হাসপাতাল জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হাফেজ শামসুল ইসলাম বাবলা বলেন—
“তোমরা নিয়মিত এমন ভালো কাজ করো। সমাজ ও পরিবেশের কল্যাণে তোমাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা সবসময় তোমাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।”
সবশেষে সংগঠনের প্রধান অতিথি ও প্রতিষ্ঠাতা সালেহীন মাহমুদ, ছোট শিশুদের মাঝে উৎসাহ প্রদানের লক্ষ্যে উপহার হিসেবে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করেন।
পরিবেশ রক্ষায় তরুণদের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


