গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ১৪তম গ্রেডের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ রাহেলা খাতুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) উদ্যোগ গ্রহণ করেছে।
দুদকে জমা পড়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এমআর (MR) ও ডিএনসি (D&C) খাতের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি এই বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে সেবাগ্রহীতারা দাবি করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গাইবান্ধা শহরের খাঁ-পাড়া এলাকায় আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং তিন গাছের তল এলাকায় প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা মূল্যের জমি রয়েছে তার। এছাড়া গ্রামের বাড়ি হরিরামপুরের বুড়ির ভিটায় আবাদি জমিসহ অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে বলেও উল্লেখ রয়েছে।
দুদক আয়োজিত গণশুনানিতেও সেবাগ্রহীতাদের পক্ষ থেকে উক্ত পরিদর্শিকার বিরুদ্ধে সরকারি সেবা প্রদানে অনৈতিক সুবিধা গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয়। সাধারণ কর্মচারীর পদমর্যাদায় থেকে স্বল্প সময়ে বিপুল সম্পদ অর্জনের এই ঘটনা নিয়ে স্থানীয় সচেতন মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক সত্য উন্মোচনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


