গাইবান্ধা সদর থানার প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই প্রবেশপথে পানি জমে থাকায় থানায় যাতায়াত দুরূহ হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, থানার প্রবেশদ্বারে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারে না। ফলে অল্প বৃষ্টিতেই প্রবেশমুখে পানি জমে থাকে।
জমে থাকা পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পথ কাদাময় ও পিচ্ছিল হয়ে উঠছে, যা চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ।
প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে থানায় আসা মানুষদের নোংরা পানি ও কাদা ভেঙে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক, নারী ও জরুরি কাজে আসা ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।
দ্রুত এই সমস্যা সমাধানে থানার প্রবেশদ্বারে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালু ও রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।


