গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে তাঁর আপন ভাতিজা আতিকুর রহমান ওরফে আতাবকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার (১২ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত একই বাড়িতে বসবাস করতেন। মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ মে বিকেলে ওই নারী বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে আতিকুর রহমান তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি বাদীর শিশুকন্যা দেখে ফেললে সে চিৎকার শুরু করে। অভিযোগ রয়েছে, তখন অভিযুক্ত আতিকুর ওই শিশুটির গলাও চেপে ধরে।
শিশুটির চিৎকার শুনে ভুক্তভোগীর ভাবি ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে ঘরের মধ্যে আটকে রাখা হলেও স্বজনদের সহায়তায় তিনি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গত ১৭ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, "গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।"


