
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
জামালপুর পাম্পে তেল সংকট: ক্ষোভে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক:|সারাদেশ
১৪ মার্চ ২০২৬, ১০:৩৮

জামালপুরের বকশীগঞ্জে একটি ফুয়েল স্টেশনে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে প্রায় আধাঘণ্টা বকশীগঞ্জ–জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১৪ মার্চ) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেসার্স পরেশ চন্দ্র সাহা ফুয়েল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই ওই পাম্প থেকে তেল নেওয়ার জন্য মোটরসাইকেল চালকরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল সরবরাহ না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন মোটরসাইকেল চালক সড়কে নেমে বকশীগঞ্জ–জামালপুর মহাসড়ক অবরোধ করেন।
এতে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
প্রায় ৩০ মিনিট পর স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে মোটরসাইকেল চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে আবারও স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম জানান, গত রাত থেকেই সংশ্লিষ্ট পাম্পে তেল না থাকায় সেখানে কিছুটা জটলা তৈরি হয়েছিল। আজ সকালেও একই পরিস্থিতি দেখা যায়। এ সময় কয়েকজন মোটরসাইকেল চালক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩৬ PM