পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িবহর চলার পথে হঠাৎ করেই উত্তেজনা ছড়াল। হুগলি জেলার পুরশুরা বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষার যাত্রা-মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে আরামবাগের হেলান এলাকায় দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের এক সমর্থক শেখ মঈদুল ‘জয় বাংলা’ স্লোগান দেন।
স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন এবং মঈদুলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। বাদানুবাদের এক পর্যায়ে শুভেন্দু অধিকারী তাকে পাকিস্তানি-রোহিঙ্গা বলে আক্রমণ করেন, পাল্টা মঈদুলও একই অভিযোগ তোলেন। উত্তেজনা বাড়তে থাকায় শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেন মঈদুলকে সরিয়ে দিতে।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও এর সত্যতা যাচাই করা হয়নি। এ নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে বলেছে, শুভেন্দু ‘ভয় পেয়েছেন’। অন্যদিকে বিজেপি দাবি করেছে, বাংলাদেশ থেকে ধার করা ‘জয় বাংলা’ স্লোগান পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে না।
এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস ‘জয় বাংলা’কে বাংলার মানুষের আত্মপরিচয়ের স্লোগান হিসেবে তুলে ধরছে, অন্যদিকে বিজেপি ‘জয় শ্রীরাম’কে নিজেদের রাজনৈতিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।


