কলকাতা ও ঢাকায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায় এসেছেন তার খাদ্যাভ্যাস ও ফিটনেস নিয়ে। সহকর্মীরা প্রায়ই অবাক হন শুটিং সেটে তার খাবারের বহর দেখে। যখন অনেকেই ওজন কমাতে কঠোর ডায়েট মেনে চলেন, তখন জয়া নির্দ্বিধায় থালা ভর্তি খাবার উপভোগ করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানান, গত তিন বছর ধরে তিনি নিজেকে একজন প্যাস্কিটেরিয়ান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে প্রাণী অধিকার নিয়ে কাজ করতে গিয়ে তার মধ্যে এক গভীর মানসিক পরিবর্তন এসেছে। তিনি বলেন, “ইদানিং তো ডিমও খেতে পারছি না, মাছও খেতে পারছি না। আমার মনে হয় আমি প্রাণী হত্যা করছি। এটি আমার একটি মানসিক সমস্যা।”
জয়া মনে করেন, প্রোটিন গ্রহণ সবার জন্যই জরুরি, বিশেষ করে নারীদের জন্য। তবে তার ব্যক্তিগত অনুভূতি তাকে প্রাণিজ খাদ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, “চিকেন খেলে আমার মনে হয় আমি রাস্তার চারপেয়ে বাচ্চাদের খাবার খেয়ে ফেলছি।”
শুটিং সেটে জয়ার প্রিয় খাবারের তালিকায় রয়েছে শিঙাড়া, কাঁচা মরিচ ও পেঁয়াজ। তিনি মজা করে বলেন, এগুলো না থাকলে তার মাথা গরম হয়ে যায়। প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তার দিনের শুরুতে অপরিহার্য।
সবজি ও কাঁচা খাবারের প্রতি জয়ার দুর্বলতা ছোটবেলা থেকেই। অনেকেই মজা করে বলেন তিনি সবকিছু কাঁচা খান। এ প্রসঙ্গে জয়া বলেন, “সবকিছু কাঁচা খাই না, তবে আমি অনেক কিছু কাঁচা খেতে পারি।”
জয়া আহসানের এই খোলামেলা বক্তব্য আবারও প্রমাণ করল, তিনি শুধু অভিনয়েই নয়, জীবনযাপনের দিক থেকেও ভিন্নধর্মী ভাবনা দিয়ে ভক্তদের অনুপ্রাণিত করেন।


