নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিজ বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। অন্যদিকে তাদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। নিহত পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। তিনি সোমবার রাতে মান্দার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। লুটপাটের উদ্দেশ্যে হামলা চালিয়ে পরিবারের সবাইকে হত্যা করা হয়। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। দুর্বৃত্তরা পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যদের হত্যা করে থাকতে পারে।” তিনি জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।


