পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ২৮১ আসনের ফল প্রকাশিত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রাথমিক ফলাফলে বিজেপি পেয়েছে ১৫৭টি আসন, তৃণমূল কংগ্রেস ১১৬টি, কংগ্রেস ৫টি, বামফ্রন্ট ২টি এবং অন্যান্য দল ২টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন।
স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হয়, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থেকে ভোট গণনা চলছে। ২৯৪ আসনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অনিয়মের অভিযোগে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হবে ২১ মে এবং গণনা হবে ২৪ মে। ফলে আজ ২৯৩ আসনের ফল প্রকাশ করা হচ্ছে।
২০১১ সালে বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে দলটি টানা ক্ষমতায় রয়েছে। অন্যদিকে, ২০১৬ সালের পর থেকে বিজেপি ক্রমে শক্তিশালী হয়ে ওঠে এবং ২০২১ সালে সরাসরি তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের অবস্থান সুদৃঢ় করে।
বুথ ফেরত সমীক্ষায় নানা ইঙ্গিত থাকলেও চূড়ান্ত ফল নির্ভর করছে ইভিএমের গণনার ওপর। আজকের ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে থাকবে নাকি বিজেপির উত্থানের মাধ্যমে রাজ্যে নতুন রাজনৈতিক পালাবদল ঘটবে।
যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলাফল এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে।


