বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় এনেছে সদ্য পাস হওয়া সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬। বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর মাধ্যমে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার পূর্ববর্তী সিদ্ধান্ত এখন আইনি ভিত্তি পেল।
২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনকে আইনগত রূপ দিতে ত্রয়োদশ জাতীয় সংসদের গঠিত বিশেষ কমিটি অধ্যাদেশটি সংশোধন করে সংসদে উপস্থাপনের সুপারিশ করে।
বিশ্লেষকদের মতে, বিলটি পাসের ফলে শুধু নিষেধাজ্ঞাই নয়, বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পথও উন্মুক্ত হয়েছে। তারা মনে করছেন, এই আইন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করবে।


