
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এক প্রতারক আ/টক
নিজস্ব প্রতিবেদকঃ|গ্রেপ্তার
২৮ মার্চ ২০২৬, ০৩:৫৪

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সাইফুল ইসলাম ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে এবং একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তবে স্থানীয় ইউপি সদস্য রাশেদ খান নিশ্চিত করেছেন, সাইফুল ইসলাম বর্তমানে বিএনপির কোনো পদে নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কেশবনগর গ্রামের অসহায় মানুষদের কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা আদায় করছিলেন। পরে তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয়দের জানান এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের কাছে অভিযোগ করেন। এমপি হটলাইন নম্বরে অভিযোগ করার পর বিষয়টি যাচাই-বাছাই করা হয় এবং সত্যতা পাওয়া গেলে সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটকের সময় সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, তিনি না বুঝেই এ কাজ করেছেন এবং ভবিষ্যতে আর এমন কাজ করবেন না। তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, প্রতারণার অভিযোগে সাইফুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩৫ PM