
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘‘দেশের নেতৃত্বদানকারীদের দুটি গুণ থাকা উচিত—দুর্নীতিমুক্ত হওয়া এবং আধিপত্যবাদ মেনে না নেওয়া। এই দুটি গুণ থাকলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।’’
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার, আধিপত্যবাদমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাশেদ প্রধান আরো বলেন, ‘‘ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কাছে নিজেদের বিলীন করে দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমান সরকার "বিএনপি তাদের পূর্বসূরি আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে"।
তিনি অভিযোগ করেন, ‘‘ক্ষমতায় আসার পর ম্যানেজ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করা বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি শুরু করেছে। তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রজেক্ট হাতে নিয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে নজিরবিহীন দলীয়করণ।’’
রাশেদ প্রধান বলেন, ‘‘স্বাধীনতার ৫৫ বছরে দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। দুর্ভাগ্যবশত বিএনপিও আজ সেই একই পথের পথিক হয়েছে। মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর জুলাইয়ের যোদ্ধারা এনেছেন সার্বভৌমত্ব। কিন্তু আজ আবারও আমাদের সেই সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে।’’
জাগপা প্রেসিডিয়াম সদস্য হাজী মো. হাসমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন— প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।