দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এপ্রিল ও মে মাসের চাহিদা পূরণের জন্য দেশে পূর্ণ মজুত রয়েছে। পাশাপাশি জুন মাসের চাহিদা মাথায় রেখে অতিরিক্ত মজুত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটাতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে। এ ছাড়া বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহও বাড়ানো হচ্ছে।


