
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার
যুবতারা ডেস্কঃ|সারাদেশ
৩১ মার্চ ২০২৬, ১৩:১৬

দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া তেলের মধ্যে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল রয়েছে।
জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে এবং ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সাতক্ষীরা জেলায় একজনকে ২ মাসের, চাঁদপুরে একজনকে ১ বছরের এবং গাজীপুরে একজনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া, জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। কোনো অনিয়ম বা সন্দেহজনক কার্যক্রম দেখলে সংশ্লিষ্টদের ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৫:২৯ PM