
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা কা/রাগারে
নিজস্ব সংবাদদাতাঃ|গ্রেপ্তার
৩১ মার্চ ২০২৬, ০৮:১১

বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে জিহাদুল ইসলাম খান নামের এক জেলা ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার তাকে আদালতে সোপর্দ করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জিহাদুল ইসলাম খান বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার বদরপুর এলাকায় সোহেল তালুকদারের বাড়িতে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। ওই এলাকার বাসিন্দা তানভির ইসলাম মোটরসাইকেলের মালিক। রাতে জিহাদুল ইসলাম প্রায় ১টার দিকে ওই মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহলরত পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তার বক্তব্যে অসংগতি দেখে মোটরসাইকেলের মালিককে ডাকা হয়। মালিক এসে নিশ্চিত করেন, তালা ভেঙে মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এরপর পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম জানান, তিনি ঋণ নিয়ে মোটরসাইকেলটি কিনেছেন এবং ভাড়ায় চালিয়ে তার পরিবারকে জীবিকা নির্বাহ করেন। তার মতে, মোটরসাইকেলটি হারিয়ে গেলে তার পরিবার চরম বিপদের মুখে পড়ত। পুলিশের দ্রুত পদক্ষেপে গাড়িটি উদ্ধার হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত ছাত্রদল নেতা হলেও তার বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। তিনি জানান, দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে হাতেনাতে জিহাদুল ইসলামকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩২ PM