
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সেনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হামলা অব্যাহত রয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ বিভিন্ন ঘাঁটি খালি করে কৌশলগত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে তীব্র আবাসন সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সেনারা হোটেল ও আবাসিক এলাকায় আত্মগোপনে থাকছেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা মধ্যপ্রাচ্যের জনগণকে মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করে জানাতে আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে অবস্থান করছে। ওয়াশিংটন আরব জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তাই মার্কিন সেনাদের আশ্রয় না দেওয়ার পাশাপাশি তাদের অবস্থান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সেনাদের লুকিয়ে থাকার জায়গাগুলো শনাক্ত করে টেলিগ্রামের মাধ্যমে তথ্য পাঠানো ‘ইমানি দায়িত্ব’।
এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ তথ্য নিশ্চিত করে বলেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর হামলা ‘অগ্রহণযোগ্য’। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ফরাসি সেনাবাহিনী জানিয়েছিল, ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ছয় সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।