
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
বিশ্বের ৮০টি শীর্ষ থিংক ট্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করেছে।
গবেষণায় বলা হয়েছে, সামরিক প্রযুক্তিগত সক্ষমতায় এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র এবং ইসরাইল শুধুমাত্র ‘ট্যাকটিক্যাল’ পর্যায়ে কিছু আঘাত হানতে সক্ষম হলেও কৌশলগত দৃষ্টিকোণ থেকে তারা ব্যর্থ হয়েছে। বিশেষ করে ইরানের রাজনৈতিক ব্যবস্থার পতন, প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস কিংবা সামাজিক-রাজনৈতিক আত্মসমর্পণ নিশ্চিত করার লক্ষ্যগুলো পূর্ণ করতে তারা ব্যর্থ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান তার 'অসামান্য এবং বুদ্ধিদীপ্ত যুদ্ধকৌশল'-এর মাধ্যমে কার্যত যুদ্ধে প্রাধান্য অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট এই প্রণালী সামরিকভাবে পুনরুদ্ধার করতে অক্ষম হয়েছে।
বিশ্লেষণে আরও বলা হয়, যুদ্ধ বর্তমানে ধীরে ধীরে ‘ক্ষয়যুদ্ধে’ রূপ নিয়েছে, যেখানে সময় ও দীর্ঘসূত্রতা ইরানের পক্ষে কাজ করছে। এতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামনে এখন দুটি পথ খোলা— একটি হচ্ছে ‘প্রচারমূলক বিজয়’ দেখিয়ে যুদ্ধ থেকে সরে আসা, এবং অন্যটি হচ্ছে কোনো ধরনের বিজয় ছাড়াই দ্রুত সংঘাতের ইতি টানা।
এই গবেষণায় ব্রুকিংস ইনস্টিটিউট, ছাথাম হাউস, র্যান্ড করপোরেশন, কাউন্সিল অব ফরেন রিলেসনসসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মোট ৮০টি থিংক ট্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে।