
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
যশোর ও খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেন বিজেপি নেতা
অনলাইন ডেস্ক:|আন্তর্জাতিক
২৬ মার্চ ২০২৬, ১৬:৫৮

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল ভারতের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেন। তিনি বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করতে বাংলাদেশি হিন্দুদের সহায়তা চেয়েছেন।
বুধবার (২৫ মার্চ) কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শমীক ভট্টাচার্য বলেন, আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সহযোগীরা যতই চেষ্টা করুক,আমরা তা প্রতিহত করব।
তিনি আরও বলেন, বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে আসুন এবং যশোর,খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করুন।
সংবাদ সম্মেলনে তার পাশে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
শমীক ভট্টাচার্য এর বক্তব্য ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল ইস্যু তৈরি করতে পারে।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৩৮ PM