
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
গাইবান্ধা সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়নে রাতের আধারে ভেকু (এক্সকাভেটর) ও ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র প্রতিদিন গভীর রাতে আবাদি জমি ও বিভিন্ন স্থান থেকে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রি করছে, অথচ বিষয়টি দেখার যেন কেউ নেই।
সরেজমিনে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিশেষ করে ফসলি জমি ও রাস্তার পাশ থেকে রাতভর মাটি কেটে নেওয়া হচ্ছে। ভেকু দিয়ে দ্রুত মাটি কেটে ড্রাম ট্রাকে ভরে তা বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে করে এলাকার কৃষিজমি ধ্বংসের পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন,“রাত হলেই শুরু হয় মাটি কাটার কাজ। ভোর হওয়ার আগেই সব শেষ হয়ে যায়। প্রশাসনের কেউ আসে না, দেখেও না।”
অভিযোগ উঠেছে,উক্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্থানীয় এক নেতা দলীয় প্রভাব বিস্তার করে রাতের আধারে এই অবৈধ মাটি কাটার কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয়দের মতে, তার প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
কৃষকরা জানান, এভাবে মাটি কাটার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতোমধ্যে অনেক জায়গায় জমি নিচু হয়ে পানি জমে থাকছে, যা ফসল উৎপাদনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আইন অনুযায়ী, অনুমতি ছাড়া এভাবে মাটি বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হলেও তা স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে,“অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ না হলে কৃষি জমি ও পরিবেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে।”
এলাকাবাসীর জোর দাবি,দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হোক এবং এই ধ্বংসযজ্ঞ বন্ধ করা হোক।