
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
রাজধানীর মগবাজারে অবস্থিত ‘নবীন ফ্যাশন’-এর ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন ব্যবসা বন্ধ করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।”
এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে নবীন অভিযোগ করেন, বাজারে সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মূল্য নিয়ন্ত্রণ করছে। তাদের পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে—পাঞ্জাবি ৪ হাজার ৫০০ টাকার নিচে এবং পাজামা ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি করা যাবে না। তিনি বলেন, তাদের লক্ষ্য ছিল গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেওয়া, কিন্তু বাধার মুখে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
নবীন আরও জানান, তাদের ফোন করে ভয় দেখানো হচ্ছে যে ভিডিও মুছে না ফেললে সব শোরুম বন্ধ করে দেওয়া হবে। তবে তিনি দাবি করেন, তারা কোনো ভিডিও প্রকাশ করেননি; একজন গ্রাহক ফেসবুকে ভিডিও পোস্ট করার পর তা ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, তাদের প্রতিষ্ঠানের আয়-ব্যয় থেকে প্রাপ্ত অর্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি কম দামে পণ্য বিক্রি এবং প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও পুনর্বাসিত ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
তার অভিযোগ, সরকার ছোট ব্যবসায়ীদের সহযোগিতা না করে বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোকেই সুবিধা দিয়ে থাকে। সিন্ডিকেটের চাপ ও হয়রানির কারণে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ২০ মার্চ ঈদুল ফিতরের আগের দিন কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় ‘নবীন ফ্যাশন’-এর দোকান জোরপূর্বক বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া যায়।