মালয়ালম অভিনেত্রী মীরা বাসুদেবান এবার প্রকাশ্যে জানালেন তাঁর ব্যক্তিগত জীবনের আক্ষেপের গল্প। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, জীবনের ১৭টি গুরুত্বপূর্ণ বছর তিনি তিনটি ব্যর্থ বিয়ের পেছনে নষ্ট করেছেন। তাঁর ভাষায়, “ওই সময়টুকু যদি ক্যারিয়ার, পরিবার বা ব্যক্তিগত উন্নয়নে ব্যয় করতাম, তাহলে জীবন অন্য রকম হতে পারত।”
২০০৩ সালে বলিউড ছবি রুলস: পেয়ার কা সুপারহিট ফরমুলাতে মিলিন্দ সুমনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান মীরা। পরে মালয়ালম সিনেমায় নিজের জায়গা তৈরি করেন তিনি। বিশেষ করে মোহনলালের সঙ্গে থানমাথরা ছবিতে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।
সম্প্রতি ধন্যা বর্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে মীরা বলেন, “আমি প্রায়ই আমার ছেলেকে বলি, জীবনের ১৭ বছর তিনটি বাজে বিয়েতে নষ্ট করেছি। ওই সময়টায় আমি আরও অনেক কিছু অর্জন করতে পারতাম—সিনেমা, ফিটনেস কিংবা নিজের জন্য ভালো সামাজিক পরিমণ্ডল গড়ে তুলতে পারতাম।” তিনি আরও যোগ করেন, “বাবা-মা আর বোনের সঙ্গে সময় কাটাতে পারতাম। কিন্তু তার বদলে এমন সম্পর্কের পেছনে সময় দিয়েছি, যেখানে আমাকে কখনোই গুরুত্ব বা সম্মান দেওয়া হয়নি।”
এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার নিজের ব্যর্থ দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন মীরা। চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি ভুল করেছি, আর সেটা লুকানোর কিছু নেই। এখন আমাকে নিজের জীবন নিয়ে সামনে এগোতে হবে। বর্তমানে আমি ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত এবং সুখী। এখন আমি জীবনের সুন্দর একটি পর্যায়ে আছি।”
মীরার প্রথম বিয়ে হয়েছিল ২০০৫ সালে চিত্রগ্রাহক অশোক কুমারের ছেলে বিশাল আগারওয়ালের সঙ্গে। তবে ২০১০ সালের জুলাইয়ে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১২ সালে মালয়ালম অভিনেতা জন কোক্কেনকে বিয়ে করেন তিনি। তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে। কিন্তু ২০১৬ সালে সেই সম্পর্কও ভেঙে যায়।
তৃতীয়বার ২০২৪ সালের মে মাসে চিত্রগ্রাহক ভিপিন পুথিয়ানকমকে বিয়ে করেন মীরা। তবে ২০২৫ সালের আগস্টে তাঁদের বিচ্ছেদ ঘটে।
অভিনয়জীবনে মীরা কাজ করেছেন একাধিক আলোচিত ছবিতে। এর মধ্যে রয়েছে উরুভান, একানথাম, কুট্টামামা, থাক্কল ইত্যাদি।


