
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
মাত্র ৬০ হাজার টাকা মূল্যের একটি দামী মোবাইল ফোনের লোভে পড়ে ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক নারী। গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যশোর শহরের মণিহার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে মণিহার এলাকায় সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ‘ঈগল পরিবহনের’ একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের মালামাল রাখার বক্স থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যার ভেতরে তিনটি বড় প্যাকেটে ২৫টি ছোট প্যাকেট ছিল। ওই বস্তার মালিক হিসেবে শাপলা খাতুন স্বপ্নাকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) ছিল, যা উচ্চমাত্রার নেশাজাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরির প্রধান কাঁচামাল।
আটক শাপলা খাতুন স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে মালামাল সম্পর্কে তথ্য না দিলেও ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে অপরাধ স্বীকার করেন। তিনি জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু তাকে এই মালামাল চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। বিনিময়ে তাকে ৬০ হাজার টাকা মূল্যের একটি দামী মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই লোভেই তিনি এই বিপদজনক কাজে রাজি হন। পুলিশের তথ্যমতে, এই কাঁচামালগুলো চট্টগ্রামের একটি গোপন কারখানায় যাচ্ছিল, যেখানে ক্রিস্টাল আইস তৈরি করে সারাদেশে সরবরাহ করা হয়। ডিবি পুলিশের এসআই অলক কুমার দে জানান, এই ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে যশোর কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে স্বপ্নাকে জেলহাজতে পাঠানো হয়েছে।