
উন্মোচনের লক্ষে, সত্যের পক্ষে
rpcnews.com
অবৈধ মাটি কাটার খাদ দেখতে গিয়ে ট্রাকচাপায় যুবক নি/হত
নিজস্ব প্রতিবেদকঃ|সারাদেশ
১৫ মার্চ ২০২৬, ০৭:২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটার খাদ দেখতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাসুম (২৫), তিনি স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কাজ এবং মাটি পরিবহন করা হচ্ছিল। রোববার ভোরে মাসুম মাটি কাটার খাদ দেখতে গেলে একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেন, অবৈধ মাটি কাটার কার্যক্রমে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা দাবি করেন, প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এসব কার্যক্রমে নজরদারি না থাকার কারণে দুর্ঘটনাগুলি ঘটে চলেছে।
নিহত মাসুমের পরিবারকে ৫ লাখ টাকার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে মাটি খেকুরা ঘটনাস্থলে সমঝোতা করার চেষ্টা করছে বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, "মাটি কাটার ড্রাম ট্রাকের চাপায় মাসুম নিহত হয়েছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শাহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।"
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মুদ্রিত হয়েছে: ২১ আগস্ট, ২০২৬ এ ০৩:৪৪ PM