ভারতের ত্রিপুরায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি আগরতলার একজন মোবাইল ফোন ব্যবসায়ী এবং সামাজিক মাধ্যমে পরিচিত মুখ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে অভিযুক্ত দামি আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীকে আগরতলায় আসতে বলেন।
অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে তরুণী ট্রেনে আগরতলায় পৌঁছালে বধারঘাট রেলস্টেশন থেকে তাকে মোটরসাইকেলে তুলে একটি হোটেলে নিয়ে যান অভিযুক্ত। সেখানে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। তরুণীর দাবি, ঘটনার পর তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়। পরে কোনোভাবে সেখান থেকে বের হয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আগরতলার একটি মোবাইল ফোনের দোকান থেকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে।


