আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন—পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র । আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়ন এবং এসআই বিভূতি ভূষণ রায়।
বাকি সাজা প্রাপ্তরা হলেন—বেরোবির শিক্ষক মশিউর রহমান, শিক্ষক আসাদুজ্জামান মন্ডল, বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ এবং রংপুরের সাবেক কমিশনার মনিরুজ্জামান, যারা ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন। আর ডা. সারোয়াত হোসেন, সাবেক এডিসি আবু মারুফ হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী ও সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, বেরোবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান শামীম, সহ-সভাপতি ফজলে রাব্বী, সহ-সভাপতি আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার এবং দফতর সম্পাদক বাবুল হোসেনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বহুল আলোচিত এই মামলায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে এবং ২৭ আগস্ট থেকে মামলার বিচার শুরু হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তা সহ ২৫ জন সাক্ষ্য দেন।


