ঝিনাইদহের শৈলকুপায় আর্জেন্টিনার ফুটবল ম্যাচে মিশরের বিপক্ষে জয় উদযাপনের সময় অতিরিক্ত উল্লাসে রসুল উদ্দীন (৪০) নামে এক ভ্যানচালকের আকস্মিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে শৈলকূপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রসুল উদ্দীন স্থানীয়ভাবে আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে হতাশ হয়ে খেলা দেখা বন্ধ করে বাড়ি চলে যান রসুল। তবে আর্জেন্টিনা সমতা ফেরালে তিনি আবারও মাঠে ছুটে আসেন এবং উল্লাসে মেতে ওঠেন। খেলা শেষে অতিরিক্ত উত্তেজনার মধ্যে তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত উত্তেজনা ও জর্দার প্রতিক্রিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।


