গাইবান্ধা সদর উপজেলার পূর্ব রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরকারি পুষ্টি কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ডিম বিতরণ না করে দীর্ঘদিন আলমারিতে সংরক্ষণ করার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, সময়মতো বিতরণ না করায় ডিমগুলো পচে যায়। পরে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে সেগুলো বিদ্যালয়সংলগ্ন পুকুরে ফেলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের পুষ্টি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের ডিম সরবরাহ করলেও
অতিরিক্ত ডিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে রেখে দেয়। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করে ডিমগুলো শিক্ষকরা নিজেদের বাসায় নেওয়ার উদ্দেশ্যে বিদ্যালয়ের আলমারিতে সংরক্ষণ করে রেখেছিলেন। তবে বিভিন্ন কারণে সেগুলো আর নেওয়া হয়নি। দীর্ঘদিন পড়ে থাকায় ডিমগুলো পচে যায়। পরে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে সেগুলো বিদ্যালয়সংলগ্ন পুকুরে ফেলে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা সরকারি পুষ্টি কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
অভিভাবকদের অভিযোগ, দায়িত্বে অবহেলার কারণে কোমলমতি শিক্ষার্থীরা সরকারি পুষ্টি কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রেহেনার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি নই। আপনার যা ইচ্ছা লেখেন, নিউজ করেন।"
অন্যদিকে, গাইবান্ধা সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"


